একসময় আলু চাষ ছিল কৃষকদের স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। সেই আলুই এখন কৃষকদের জন্য বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের উত্তরাঞ্চলের অন্যতম শস্যভাণ্ডার হিসেবে পরিচিত পীরগঞ্জে এবার আলুর বাম্পার ফলন হলেও কৃষকদের মুখে হাসি নেই। উৎপাদন, হিমাগারে সংরক্ষণ ও পরিবহনসহ প্রতি কেজি আলুতে খরচ পড়ছে প্রায় ২২ টাকা। অথচ বর্তমানে সেই আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ৯ থেকে ১০ টাকা কেজি দরে। এতে কেজিপ্রতি ১২ থেকে ১৩ টাকা লোকসান গুনতে হচ্ছে প্রান্তিক চাষিদের।
স্থানীয় কৃষকরা গণমাধ্যমকে জানান, বীজ, সার, কীটনাশক ও সেচ খরচ মিটিয়ে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তারা। কিন্তু বাজারে আলুর দামের এমন আকস্মিক পতনে তারা দিশাহারা হয়ে পড়েছেন। অনেক কৃষক উৎপাদিত আলু হিমাগারেই ফেলে রাখছেন, কারণ হিমাগার ভাড়াও তোলার উপায় থাকছে না। এই পরিস্থিতিতে কৃষকদের বাঁচাতে সরকারের পক্ষ থেকে দ্রুত ন্যায্যমূল্যে আলু সংগ্রহ এবং হিমাগার ভাড়া কমানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি