শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীতে নাশকতার সঙ্গে জড়িত থাকা এবং বিক্ষোভ মিছিলের সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মিডিয়া আকতার হোসেন গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে গোপন বৈঠক, চোরাগুপ্তা হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হওয়া কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্যাডারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চালিয়ে আসছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের নামে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনা করছে তারা। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে এবং নিয়মিত টহল ও চিরুনি অভিযান পরিচালনা করছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইন ও নাশকতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে এই অভিযান অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD