বরিশালে কার্যক্রম কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে মহানগর ও জেলা পুলিশ। আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় পুলিশি টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং প্রবেশদ্বারগুলোতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া জনসাধারণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। মূলত সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর গোপন কার্যক্রম প্রতিহত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, শান্তিভঙ্গের যেকোনো অপচেষ্টা কঠোরহস্তে দমন করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সজাগ রয়েছে এবং নাশকতাকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
আরববাংলা টিভি