স্কুলের কোমলমতি শিশুদের কখনো শাসানো, কখনো আবার অকথ্য ভাষায় গালাগালি করা যেন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। শুধু তাই নয়, দম্ভ দেখিয়ে কখনো প্রধান শিক্ষকের চেয়ারে বসে সহকারী শিক্ষকদের নানা ধরনের হুমকি প্রদর্শন করত সে। সম্প্রতি স্থানীয় একটি স্কুল চত্বর থেকে অত্যন্ত মূল্যবান চারটি গাছ কেটে ফেলে এবং সেই অপরাধ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। এই ধরনের স্বেচ্ছাচারিতা ও বেপরোয়া আচরণ দেখে শিক্ষকরা তার প্রতিবাদ করেন এবং এসবের কারণ জানতে চান।
জবাবে সে চরম ঔদ্ধত্য ও দম্ভের সাথে শিক্ষকদের উদ্দেশ্যে বলে, আমি জজের ভাই, আমার কিছুই করতে পারবেন না। এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজের একজন সাধারণ মানুষের এমন বেআইনি কর্মকাণ্ড এবং বিচার বিভাগের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
আরববাংলা টিভি