বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে সাড়ে ২৪ কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ ও আর্থিক ক্ষতির অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানসহ পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি অর্থ লোপাটের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে এবং কোনো ধরনের নিয়ম্নীতি তোয়াক্কা না করে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, যা রাষ্ট্রীয় কোষাগারের জন্য একটি বড় ধরণের আর্থিক ক্ষতি।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন। বোর্ড সভার সুস্পষ্ট সিদ্ধান্ত এবং আর্থিক নীতিমালাকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা নিজেদের খেয়ালখুশিমতো প্রকল্পের অর্থ তছরুপ করেছেন। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির ঘটনা প্রমাণ করে যে, পূর্বে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কীভাবে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেই মূলত এ ধরনের দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।
দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলা দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধানে তার সত্যতাও মিলেছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে এবং এ ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি রোধে দুদক কঠোর অবস্থানে রয়েছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। খুব শীঘ্রই এই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে এবং লুটপাট করা অর্থ উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি