নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচারী শেখ হাসিনা। তাঁর পক্ষে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক একটি আইনি প্রতিষ্ঠানের আইনজীবী এই আবেদন জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট সূত্রগুলো। আবেদনপত্রে দাবি করা হয়েছে যে, বিদেশে অবস্থানকালে বৈধ পরিচয়পত্র পাওয়ার আইনি অধিকার তাঁর রয়েছে।
তবে এই আবেদন জমা পড়ার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদী শাসনকালে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পালিয়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার এমন আইনি তৎপরতা নিয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিচারব্যবস্থায় যখন তাঁর বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া চলছে, তখন পাসপোর্ট পাওয়ার এই চেষ্টা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তাঁর পাসপোর্ট বাতিলসহ বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এখন নতুন করে ব্রিটিশ আইনজীবীর মাধ্যমে এই আবেদন করার ফলে কূটনৈতিক এবং আইনি লড়াইয়ের ক্ষেত্র আরও প্রশস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাইকমিশন সূত্র জানিয়েছে, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী এই আবেদনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরববাংলা টিভি