জামালপুরে বহুল আলোচিত একটি ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানির পর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বেশ কিছুদিন আগে জামালপুর সদর উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি aহয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক পর্যালোচনার পর আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এদিকে এই রায় ঘোষণার পর আদালত চত্বরে উপস্থিত বিভিন্ন আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের কঠোর রায়ের ফলে সমাজে অপরাধপ্রবণতা অনেকাংশে হ্রাস পাবে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগ আরও জোরালো ভূমিকা পালন করবে। বিচারপ্রার্থী নারী ন্যায়বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি