পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কোনো ধরনের গরু ছাড়াই বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে গরুর দুধের মতো দেখতে নকল দুধ তৈরি করছে একটি অসাধু চক্র। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় এবং ক্ষতিকর উপকরণ জব্দ করা হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এই অবৈধ অপকর্ম। বরং চক্রের সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমকে জানান স্থানীয় সচেতন নাগরিকরা। সংবাদ সংগ্রহ করতে গেলে এবং প্রশাসনের কাছে তথ্য দেওয়ায় চক্রের সদস্যরা সংশ্লিষ্টদের বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে মুনাফা লোভী এই চক্রটি দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে এসব বিষাক্ত তরল।
জনস্বাস্থ্য রক্ষায় এবং শিশু ও সাধারণ মানুষের পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি