ফ্যাসিবাদী শক্তি গত ১৭ বছর দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দেয়নি উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক ও সামাজিকভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করায় ৭ নভেম্বরের তাৎপর্য ও অন্তর্নিহিত চেতনা কখনো মুছে যায়নি।
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল এই দিনে। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দীর্ঘদিন ধরে দেশের এই ঐতিহাসিক দিনটিকে মুছে ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রকামী মানুষকে এই দিনটি স্বাধীনভাবে পালন করতে বাধা দেওয়া হয়েছে, এমনকি দমন-পীড়ন চালানো হয়েছে।
গণমাধ্যমকে জানান রুহুল কবির রিজভী আরও বলেন, শত বাধা-বিপত্তি সত্ত্বেও এ দেশের দেশপ্রেমিক জনতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা প্রতিকূলতার মধ্যেও ৭ নভেম্বরের আদর্শ ধারণ করে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং এই দিনের অন্তর্নিহিত চেতনা এ দেশের মানুষের মন থেকে কখনো মুছে ফেলা সম্ভব হয়নি। স্বৈরাচারী সরকারের পতনের পর আজ দেশের মানুষ স্বাধীনভাবে তাদের ঐতিহাসিক দিনগুলো পালন করার সুযোগ পাচ্ছে এবং আগামীতেও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরববাংলা টিভি