উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। বিশেষ করে ভোর ও রাতে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে, যা শীতের আগাম বার্তার জানান দিচ্ছে। দিন গড়ানোর সাথে সাথে কমতে শুরু করেছে তাপমাত্রাও। রোববার সকাল ৯টায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে রাতের তাপমাত্রা নিম্নমুখী রয়েছে।
স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই হালকা কুয়াশা পড়তে শুরু করছে এবং শেষ রাতে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোরবেলা বাইরে বের হওয়া সাধারণ খেটে খাওয়া মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের শীতের পোশাক পরিধান করতে দেখা যাচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে উত্তর জনপদে শীতের আমেজ পুরোপুরি জেঁকে বসতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পাহাড়ি এলাকা ও হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে পঞ্চগড় জেলায় সবসময়ই শীতের তীব্রতা একটু বেশি থাকে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের এই আগাম বার্তায় গ্রামীণ জনপদে শীতকালীন প্রস্তুতি শুরু হয়ে গেছে। লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
আরববাংলা টিভি