ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে দুই যাত্রীর মধ্যে মারামারির একপর্যায়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক ব্যক্তি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চার্চগেট-ভিরারগামী দ্রুতগতির লোকাল ট্রেনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাতের ব্যস্ত সময়ে ট্রেনটি যখন দ্রুতগতিতে গন্তব্যের দিকে ছুটছিল, তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকা নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে চড়-থাপ্পড় মারতে শুরু করে।
একপর্যায়ে আকস্মিক ধাক্কাধাক্কিতে ভারসাম্য হারিয়ে ফেলেন এক যাত্রী এবং তিনি চলন্ত ট্রেনটির খোলা দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েন। ট্রেনটির গতি তখন বেশ বেশি থাকায় সঙ্গে সঙ্গেই রেললাইনের পাশে পড়ে যান তিনি। এই আকস্মিক ঘটনায় ট্রেনের ভেতর অন্যান্য যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সহযাত্রীরা সঙ্গে সঙ্গে চেন টেনে ট্রেনটি থামানোর চেষ্টা করেন এবং পরবর্তী স্টেশনে নেমে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহত যাত্রীকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ট্রেন থেকে পড়ে যাওয়ার ফলে ওই যাত্রীর শরীরে বেশ কিছু আঘাত ও জখম হলেও তাঁর প্রাণ সংশয় নেই। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এই ঘটনার পর মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলোতে যাত্রীদের নিরাপত্তা এবং ভিড়ের মধ্যে দরজার কাছে দাঁড়ানোর ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছে, চলন্ত ট্রেনে এ ধরনের বিশৃঙ্খলা এবং নিরাপত্তা আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরববাংলা টিভি/ডেস্ক