শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

৭ নভেম্বর উপলক্ষে রাজধানীতে যুবদলের বিশাল শোডাউন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

যথাযথ মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় এক বিশাল শোডাউন ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। দিবসটির তাৎপর্য তুলে ধরে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে এই শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ফেস্টুন শোভা পায়। তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেহেদী হাসান রুয়েল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার এক অনন্য দিন। এই দিনে দেশের দেশপ্রেমিক জনতা সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও গণতন্ত্র পুনরুদ্ধারে এই দিনের চেতনা তরুণ সমাজকে নতুন প্রেরণা জোগায় বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতারা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলের নানা দমনপীড়নের কথা স্মরণ করে বলেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। তবে কোনো জুলুম-নিপীড়নই নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারেনি। ভবিষ্যতে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদল রাজপথে সর্বাত্মক ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD