বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাংলো জলসা, বোম্বে হাইকোর্ট, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো একটি ইমেইলের পর পুরো মুম্বাই জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই হুমকির ঘটনায় ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হুমকি পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল উল্লেখিত স্থানগুলোতে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। তা সত্ত্বেও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং হুমকিদাতা ইমেইলের উৎস খুঁজে বের করতে সাইবার ক্রুমে তদন্ত শুরু করেছে।
এই ঘটনার প্রেক্ষাপটে শহরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও জনবহুল স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক