মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লায় আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও যৌক্তিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে নেমে আসেন।
পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও শ্রমিকরা তা উপেক্ষা করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি এবং নিয়মিত বেতন পরিশোধের দাবি জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শ্রমিক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকদের ওপর বিভিন্ন সময় দমন-পীড়ন চালানো হলেও বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছেন। গণমাধ্যমকে জানান শ্রমিক প্রতিনিধিরা।
আরববাংলা টিভি/ডেস্ক