মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে মাদকের পৃষ্ঠপোষকতা ও এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেককে আইনের আওতায় এনে জেলে পাঠানো হয়েছে। সমাজ থেকে এই অপরাধের চিরতরে নির্মূল করতে বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাড়ে সতেরো বছরের শাসনামলে দেশজুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। ওই দীর্ঘ সময়ে দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের অপকর্ম, দুর্নীতি এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হয়েছিল। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেশের সকল শ্রেণি-পেশা এবং সব মতের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
জনসাধারণের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোথাও কোনো অনিয়ম বা মাদকের কারবারের সন্ধান পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান এই নেতা।
আরববাংলা টিভি/ডেস্ক