সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ভোলায় বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়ম ও অর্থ অপচয়ের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ

ভোলার লালমোহন উপজেলার চরভূতা নমগ্রাম করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব জমি থাকা সত্ত্বেও, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় দুই কিলোমিটার দূরে অন্য এক ব্যক্তির ব্যক্তিমালিকানাধীন জমিতে নতুন ভবন নির্মাণের চক্রান্ত চলছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, একটি প্রভাবশালী চক্র সরকারি অর্থ লুটপাট এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই পাঁয়তারা করছে। বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এই ধরনের দূরবর্তী স্থানে ভবন নির্মাণের সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী বলে অভিহিত করেছেন তারা।

অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়টির নিজস্ব জমিতে অবকাঠামো না করে ভিন্ন স্থানে কাজ শুরু করার এই অপচেষ্টা কেবল সরকারি অর্থের অপচয়ই নয়, বরং শিক্ষার্থীদের যাতায়াত ও সুরক্ষার ক্ষেত্রেও এক বড় হুমকি তৈরি করবে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের নানা অনিয়ম ও দুর্নীতির রাজত্ব কায়েম করা হয়েছিল। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের সেই দোসররাই বর্তমানে নানা কৌশলে ফায়দা লোটার চেষ্টা করছে। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়মের ছায়া এখনো বিভিন্ন দপ্তরে রয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা অবিলম্বে এই দুর্নীতি ও অপচেষ্টা বন্ধ করে বিদ্যালয়টির নিজস্ব জমিতেই ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং এ ধরনের অপকর্মের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি আমরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD