ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গভির গর্ব করে বলেছেন যে তিনি ফিলিস্তিনি বন্দিদের জীবন নরক বানিয়ে দিবেন। এর পাশাপাশি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রার্থনা করেন বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পৃথক কয়েকটি পোস্টে তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন, যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বেন-গভির তার পোস্টে আরও উল্লেখ করেন যে, বন্দিদের জন্য জমানো খাবার দিয়ে বানানো কেক কিংবা সামান্য স্বস্তির কোনো সুযোগও রাখা হবে না। তার এই ধরনের উগ্র ও অমানবিক মন্তব্যের পর বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছেন, ইসরাইলি মন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং এটি বন্দিদের ওপর নিপীড়ন আরও বাড়িয়ে দেওয়ার একটি স্পষ্ট হুমকি।
বিশ্লেষকদের মতে, ইসরাইলি সরকারের শীর্ষপর্যায়ে এমন উসকানিমূলক কথাবার্তা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও ঘনীভূত করছে। ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন বৈধতা পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই ধরনের মন্তব্যের মাধ্যমে। আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে এখনও জোরালো কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।
আরববাংলা টিভি/ডেস্ক