নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার পাঁচ বাসিন্দার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। মঙ্গলবার ২১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে যাওয়া তাজা প্রাণগুলোর ঘটনায় গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় হুইপ অপু বলেন, নাটোরের এই বেদনাদায়ক সড়ক দুর্ঘটনা পুরো জাতিকে স্তব্ধ ও মর্মাহত করেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার যারা এই দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন যেন মরহুমদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ক্ষমতা দান করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মহাসড়কে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর পেছনে মূলত বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।
আরববাংলা টিভি/ডেস্ক