বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল ও লিখিত অভিযোগের তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন থানা পুলিশের সদস্যরা। সরকারি কাজে বাধা প্রদান, নথিপত্র ছিঁড়ে ফেলা এবং ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টার ঘটনায় স্বামী-স্ত্রীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়া শুরু করলে বিবাদমান পক্ষগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হন এবং সরকারি নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং শেষ পর্যন্ত স্থানীয় জনগণের সহযোগিতায় ওই দম্পতিকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনে বাধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক