ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার প্রসার, কারিগরি দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থাম্পটনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সম্প্রতি আয়োজিত এই গুরুত্বপূর্ণ সফরে ব্রিটিশ প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ল্যাবরেটরি এবং চলমান অ্যাকাডেমিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং কারিগরি দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা মতবিনিময় সভায় বলেন, ঠাকুরগাঁওয়ের মতো সীমান্তবর্তী ও সম্ভাবনাময় অঞ্চলে বিশ্বমানের উচ্চশিক্ষা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক ডিগ্রি অর্জনের পথ সুগম করতে এই ধরনের অ্যাকাডেমিক অংশীদারিত্ব অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং আধুনিক গবেষণাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শনের শেষ পর্যায়ে ব্রিটিশ প্রতিনিধি দল আশা প্রকাশ করেন যে, অদূর ভবিষ্যতে এই সহযোগিতার মাধ্যমে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজে লাভ করতে পারবেন।
আরববাংলা টিভি/ডেস্ক