সারাদেশে আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৭ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।
হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নতুন নতুন রোগী আসছে রাজধানীসহ বড় বড় শহরের হাসপাতালে। চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন নির্দেশনা জারি করেছে। পাশাপাশি, কার্যকর ওষুধ ছিটানো এবং মশার উৎস ধ্বংস করার জন্য সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে আরও জোরালো ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক