রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নৃশংসতা ও গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলার সম্ভাব্য রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নজির তৈরি করতে পারে। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং বিশ্ব সম্প্রদায়ের নানা জল্পনা-কল্পনার পর এই মামলার রায়ের দিকে এখন পুরো বিশ্বের নজর নিবদ্ধ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক এবং আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত কেবল মিয়ানমারকেই কাঠগড়ায় দাঁড় করাবে না, বরং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও জাতিগত নিধনের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেবে।
বিশেষজ্ঞদের মতে, এ মামলায় আদালতের সিদ্ধান্ত অপরাধের পেছনে থাকা সুনির্দিষ্ট গণহত্যার অভিপ্রায়ের মাত্রা নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। গাম্বিয়ার দায়ের করা এই মামলায় কুতুহল রয়েছে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ এই ইস্যুতে আন্তর্জাতিকভাবে জোরালো ভূমিকা রাখতে ব্যর্থ হলেও, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বমঞ্চে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হচ্ছে। গাম্বিয়া ও ওআইসিভুক্ত দেশগুলোর এই সাহসী পদক্ষেপ বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় মাইলফলক হয়ে থাকবে।
আন্তর্জাতিক বিচার আদালতের এই সম্ভাব্য রায় বাস্তবায়নের ওপর নির্ভর করছে মিয়ানমারের জান্তা সরকারের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান। বিশেষজ্ঞরা আরও জানান, এই রায়ের মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ ত্বরান্বিত হতে পারে। বিশ্ব সম্প্রদায়ের এখন উচিত মিয়ানমারের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে তোলা, যাতে তারা আন্তর্জাতিক আদালতের যেকোনো রায় মেনে চলতে বাধ্য হয়। বাস্তুচ্যুত রোহিঙ্গারা বছরের পর বছর ধরে ক্যাম্পের মানবেতর জীবনযাপন করছে এবং তারা একটি স্বচ্ছ বিচার ও নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার প্রতীক্ষায় দিন গুনছে।
আরববাংলা টিভি/ডেস্ক