দলের নেতা-কর্মী ও সরকারের মন্ত্রী-এমপিদের জন্য কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো নেতা-কর্মী, এমপি-মন্ত্রী কেউ কোনো অপকর্মে জড়ালে তাঁকে বা তাঁদের ছাড় দেওয়া হবে না। দলীয় সংসদীয় দলের বৈঠকে তিনি এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে সতর্ক করে দেন।
সংসদ ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম ও ত্যাগের পর অর্জিত জনগণের এই বিজয় কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। দলের ভেতর থেকে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব বা অনিয়মের অভিযোগ উঠলে তা কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতিটি মন্ত্রী ও এমপিকে সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে দুর্নীতি ও লুটপাট চলেছে, বর্তমান সরকার তার পুনরাবৃত্তি দেখতে চায় না। জনগণের অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল লক্ষ্য।
তারেক রহমান আরও বলেন, দেশ গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে দলীয় পরিচয়ে কেউ অপকর্ম করলে তার দায় দল নেবে না। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও দূরদর্শিতার কথা স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সফল করার ওপর জোর দেওয়া হয়।
আরববাংলা টিভি/ডেস্ক