বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে নেকাব পরা এক শিক্ষার্থীকে নিয়ে শিক্ষকের আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আচরণ চরম ইসলামবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক পর্দা বা নেকাব নিয়ে কটূক্তি করার বিষয়টি অত্যন্ত লজ্জাজনক ও অনভিপ্রেত। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ইসলাম ও ধর্মীয় অনুশাসনের ওপর বিভিন্নভাবে আঘাত হানা হয়েছিল, তারই ধারাবাহিকতা হয়তো এখনো শিক্ষাঙ্গনে রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা ঢাবির এই অগণতান্ত্রিক ও ইসলামবিদ্বেষী আচরণের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে তিনি সতর্ক করে দেন। একই সাথে তিনি দেশের সকল শিক্ষাঙ্গনে ধর্মীয় অনুশাসন পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD