বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

বরগুনায় সাংবাদিক আসাদের জামিন ও এসআই প্রত্যাহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

বরগুনায় এক কোটি টাকার একটি বিতর্কিত চাঁদাবাজি মামলায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে এই জামিন আদেশ দেন। মামলার এই ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। ঘটনার শুরু থেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছিলেন সংবাদকর্মীরা।

এর আগে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদ সবুজকে হাতকড়া পরানোর ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত উপ-পরিদর্শককে (এসআই) বরখাস্ত ও প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন গণমাধ্যমকর্মীর এ ধরনের হয়রানির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

জামিন পাওয়ার পর সাংবাদিক আসাদ সবুজ গণমাধ্যমকে জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলার শিকার হয়েছেন। সত্য প্রকাশ করার কারণে তাকে হেনস্থা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই ষড়যন্ত্রের মূল হোতারা উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই ঘটনার প্রেক্ষাপটে বরগুনা জেলাজুড়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের মিথ্যা মামলার অপব্যবহার বন্ধের জোরালো দাবি জানিয়েছেন তারা। ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিকের ওপর এ ধরনের পুলিশি হয়রানি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD