উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও জীবন্ত কিংবদন্তী সাবিনা ইয়াসমিন দুটি সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করতে যুক্তরাজ্যে গেছেন। গত ৪ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
যুক্তরাজ্য সফর ও কনসার্ট প্রসঙ্গে সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, আগামী ১১ অক্টোবর লন্ডনের ঐতিহাসিক রয়্যাল আলবার্ট হলে এবং ১৮ অক্টোবর ম্যানচেস্টারের আরেকটি কনসার্টে তিনি গান পরিবেশন করবেন। দীর্ঘদিন পর প্রবাসীদের মাঝে সরাসরি গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
তার এই সফর উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট দুটি সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং টিকিট বিক্রিও প্রায় শেষের পথে। সঙ্গীতজগতের এই উজ্জ্বল নক্ষত্রের মনোমুগ্ধকর পরিবেশনা প্রবাসীদের মন জয় করবে বলে সবাই আশাবাদী। সঙ্গীত পরিবেশন শেষে তার শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক