দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের মতো নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাসা থেকে বের হওয়া মোকছেদুল ইসলাম (৫২) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পরের দিন স্থানীয় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাঁ মাঠের পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে মোকছেদুল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে মুহূর্তেই সেখানে আশপাশের গ্রামের শত শত মানুষ ভিড় জ জমায়। পরে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে চিরিরবন্দর থানা থেকে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোকছেদুল ইসলাম গত রবিবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং পরে মরদেহটি ধানক্ষেতে লুকিয়ে রেখে পালিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ঘটনার পেছনে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে এবং ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে জোরালো তদন্ত শুরু হয়েছে। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে পুলিশ প্রশাসন জানিয়েছে, খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক