শীত আসছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্বত্র আগাম শীতের পদধ্বনি দেখা যাচ্ছে। ভোরে দূর্বা ঘাসে সূর্যের আলোয় শিশিরবিন্দু ঝলমলিয়ে উঠছে। দিগন্তজুড়ে কুয়াশায় লেপটে যাচ্ছে ভোরের আকাশ। সড়ক ও মহাসড়কে কুয়াশায় বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। সর্বত্র চলছে শীতের প্রস্তুতি। লেপ-তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়ছেন কারিগররা।
গ্রীষ্ম ও বর্ষার পালাবদল শেষে প্রকৃতিতে এখন হেমন্তের সোনালী আমেজ। এর মাঝেই কুড়িগ্রামের জনপদে উঁকি দিচ্ছে শীত। বিশেষ করে ভোরবেলা ও শেষ রাতে হালকা কুয়াশা এবং হিমেল হাওয়া শীতের বার্তা দিচ্ছে। স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকরা জানান, গত কয়েকদিন ধরেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে।
শীতের এই আগাম বার্তায় ফুলবাড়ী উপজেলার হাটবাজারগুলোতে শীতকালীন পোশাকের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। পাশাপাশি লেপ-তোশক তৈরির কারিগররাও এখন ব্যস্ত সময় পার করছেন। পুরোনো কম্বল রোদে দেওয়া এবং শীতের প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় গরম কাপড় কেনার ধুম পড়েছে সাধারণ মানুষের মাঝে।
আরববাংলা টিভি/ডেস্ক