মোংলা পোর্ট পৌরসভার এম্বুলেন্সে ছাগল পরিবহণ করার একটি চাঞ্চল্যকর ঘটনা সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জনগণের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নিয়োজিত একটি সেবামূলক যানে এ ধরনের পশুপাখি পরিবহণের বিষয়টি নৈতিকতা ও দায়িত্বশীলতার বড় ধরনের লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
এর আগেও রাতের আঁধারে এই এম্বুলেন্সে করে ছাগল পরিবহণ করা হলেও তখন তা স্থানীয়দের বা দায়িত্বশীল মহলের নজরে আসেনি। তবে গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে মোংলা পোর্ট পৌরসভার এম্বুলেন্সের ড্রাইভার মো. শরীফুল ইসলাম সম্পূর্ণ অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে এম্বুলেন্সের ভেতরে ছাগলগুলো তুলেন এবং গন্তব্যে নিয়ে যান।
জরুরি চিকিৎসাসেবা ও রোগীর জীবন বাঁচানোর কাজে ব্যবহৃত সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এম্বুলেন্সের এমন অপব্যবহার নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের কাছে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক