ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মানদীবেষ্টিত দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে পরিবেশ রক্ষা এবং বজ্রপাত নিরোধের লক্ষে ৫০০টি তালবীজ রোপণ ও বিভিন্ন ধরনের ফলদ-ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং প্রাকৃতিকভাবে দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
ফরিদপুর জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় তরুণদের নিয়ে গঠিত ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম এই কর্মসূচির আয়োজন ও বাস্তবায়ন করে। সম্প্রতি দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। চরাঞ্চলের উন্মুক্ত প্রান্তরে বজ্রপাতের হাত থেকে মানুষের জীবন রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজকরা গণমাধ্যমকে জানান, নদীবেষ্টিত এই দুর্গম চরাঞ্চলে গাছপালা কম থাকায় প্রতিনিয়ত বজ্রপাতের ঝুঁকি লেগেই থাকে। এই ঝুঁকি কমাতেই তালবীজ রোপণকে সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও ব্যাপকভাবে সম্প্রসারণ করা হবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারাও জেলা পরিষদ ও পরিবেশ উন্নয়ন ফোরামের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক