গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বেপারী উপজেলার গেড়াখোলা এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাইসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। মহাসড়কে দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থার কড়াকড়ি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক