মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই নেতৃত্ব নির্বাচন করবেন। কেন্দ্র থেকে কোনো কমিটি করে দেওয়া হবে না।
তিনি বলেন, আপনাদের দাউদপুরের আমলনামা আমার কাছে আছে। কে কী করেন, ভোটের সময় কে কী ভূমিকা পালন করেছেন এবং সাধারণ মানুষের কল্যাণে কে কতটা নিবেদিতপ্রাণ ছিলেন, তার সুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে। তাই কোনো ধরনের তদবির বা সুপারিশ দিয়ে কেন্দ্র থেকে কোনো পকেট কমিটি চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
মন্ত্রী আরও যোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি সবসময় জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনে দেশের মানুষ যেভাবে নিপীড়িত হয়েছে, তা থেকে উত্তরণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই তৃণমূলের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই স্থানীয় ও জাতীয় স্তরের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করা হবে বলে জানান তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক