শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে: যুক্তরাষ্ট্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ

ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই কড়া মন্তব্য করেন এবং তেহরানের বর্তমান পরমাণু কার্যক্রম আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন। মার্কিন পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তেহরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি একটি পর্যায়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আরও জানান যে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বারবার অনুরোধ সত্ত্বেও ইরান তাদের পরিদর্শকদের পূর্ণ সহযোগিতা দিচ্ছে না। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। কূটনৈতিক মহলের মতে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্রদের সঙ্গে তেহরানের দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্ব আরও ঘনীভূত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান তাদের জ্বালানি চাহিদার কথা বলে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিলেও, পশ্চিমা বিশ্ব বরাবরই এর পেছনে সামরিক উদ্দেশ্য থাকার আশঙ্কা প্রকাশ করে আসছে। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তেহরান যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অবিলম্বে কমিয়ে না আনে, তবে ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD