স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মানুষকে হয়তো আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে আমরা উন্নয়নের গ্যারান্টি দেব। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাসযোগ্য গাইবান্ধা, বাসযোগ্য দেশ ও বাসযোগ্য ঢাকা করতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতি চরম সংকটে পড়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ক্ষত কাটিয়ে দেশের প্রতিটি জনপদকে বাসযোগ্য করে তুলতে বহুমুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক