শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

আওয়ামী নেতাকে মুক্ত করতে বিএনপির প্রত্যয়ন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী এক নেতাকে বিএনপির নেতা দাবি করে কারাগার থেকে মুক্তির জন্য প্রত্যয়নপত্র দিয়েছে সাটুরিয়ার স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী তাঁতী দল। শুধু বিএনপির সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা দাবিই করা হয়নি, বরং তাকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবেও উল্লেখ করা হয়েছে ওই প্রত্যয়নপত্রে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে আসা ওই নেতা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে তাকে গ্রেফদার করা হয়। কিন্তু কারামুক্তির পথ সুগম করতে স্থানীয় কিছু বিএনপি ও তাঁতী দলের নেতার যোগসাজশে তাকে নিজেদের দলের লোক সাজিয়ে প্রত্যয়নপত্র প্রদান করা হয়, যা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী বলে মনে করছেন তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ নেতাকর্মীদের প্রশ্ন, কীভাবে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে বাঁচানোর জন্য দলের পদপদবি ব্যবহার করা হলো। এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নেতাকর্মীরা। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্থানীয় দায়িত্বশীলরা জানান, কোনো অবস্থাতেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত তদন্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD