বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত হুগো শর্টারকে বৃহস্পতিবার তলব করেছে ইরান। মার্কিন বাহিনীর ব্যবহৃত ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডকে লক্ষ্য করে কথিত নাশকতার পরিকল্পনার সাথে ইরানকে জড়ানোর ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানাতেই তেহরানের পক্ষ থেকে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের পক্ষ থেকে দাবি করা হয় যে, গ্লুচেস্টারশায়ারে অবস্থিত ওই কৌশলগত বিমান ঘাঁটিতে সম্ভাব্য নাশকতার পেছনে ইরানের হাত থাকতে পারে। এই দাবির পরেই তীব্র প্রতিক্রিয়া জানাল তেহরান। ব্রিটিশ রাষ্ট্রদূতের হাতে কড়া ভাষায় একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে এবং এ ধরনের মিথ্যা প্রচারণার নিন্দা জানানো হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ সম্পূর্ণ অমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য পশ্চিমা শক্তিগুলো এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে মনে করছে তেহরান।

এর আগে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তাদের দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো সুরক্ষার জন্য অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। ফেয়ারফোর্ড ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান মোতায়েন রয়েছে, যা নিয়ে প্রায় সময়ই নানা বিতর্ক তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে এই তলবের মধ্য দিয়ে তেহরান ও লন্ডনের মধ্যকার কূটনৈতিক দূরত্ব আরও বাড়ল বলেই ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD