সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর নিষিদ্ধ চায়না দোয়ারি জাল তৈরির কারখানার বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানায় উৎপাদিত ও মজুতকৃত প্রায় তিন লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। অবৈধ এই জাল তৈরির সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে কারখানার পরিচালক রতন বর্মণকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় গোপনে এই নিষিদ্ধ জাল তৈরি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও জাল তৈরির কাঁচামাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং নিয়মানুযায়ী জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক