মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ণ

পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও তা তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্লিচিং পাউডার, পামওয়েল এবং ডেক্সট্রোজ পাউডার মিশিয়ে ভেজাল ও নকল তরল দুধ তৈরির অপরাধে একটি কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র পেচাকোলা ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে নকল দুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ, ক্ষতিকর কেমিক্যাল, ব্লিসিং পাউডার এবং পামওয়েল জব্দ করা হয় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।

অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি গণমাধ্যমকে জানান, ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় এহেন অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জব্দকৃত নকল দুধ ও উপকরণগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD