শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

চলনবিলের পদ্ম দেখতে ছুটছেন প্রকৃতিপ্রেমীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

একসময় হারিয়ে গিয়েছিল পদ্ম। প্রায় চার দশক পর আবারও সেই পদ্মে সেজেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল। শাকুয়াদীঘি এলাকার বাঘমারা বিলে এখন জলের ওপর যতদূর চোখ যায়, দেখা মিলছে পদ্মপাতা আর শত শত সাদা-গোলাপি ফুলের সমাহার। প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গোটা বিল এলাকা।

স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, চলনবিলের এই অঞ্চলে একসময় প্রচুর পদ্মফুল ফুটত। কিন্তু সময়ের বিবর্তনে জলবায়ুর পরিবর্তন, জলাশয় ভরাট এবং নানা মনুষ্যসৃষ্ট কারণে এই বিলগুলো থেকে পদ্ম প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। প্রায় চল্লিশ বছর পর প্রকৃতির নিজের নিয়মেই যেন ফিরে এসেছে হারিয়ে যাওয়া সেই সৌন্দর্য। বাঘমারা বিলের প্রায় কয়েক একর জুড়ে এখন শুধু পদ্ম আর পদ্ম।

প্রতিদিনই সিরাজগঞ্জ ছাড়াও নাটোর, পাবনা, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ছুটে আসছেন এই অপরূপ দৃশ্য উপভোগ করতে। কেউ আসছে পরিবার নিয়ে, কেউবা আবার বন্ধুদের সাথে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পদ্মবিলের মাঝখানে। তরুণ প্রজন্মের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্যের ছবি ও ভিডিও শেয়ার করায় দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে গেছে।

দর্শনার্থীদের ভিড় বাড়ায় স্থানীয় কিছু মানুষের উপার্জনের নতুন পথও তৈরি হয়েছে। নৌকার মালিকরা দর্শনার্থীদের বিলের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরিয়ে ভালো আয় করছেন। তবে অতিরিক্ত পর্যটকদের কারণে যাতে পরিবেশ ও বিলের জীববৈচিত্র্য নষ্ট না হয়, সে বিষয়ে স্থানীয় সচেতন মহল ও প্রশাসন নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। প্রকৃতির এই অপার সৌন্দর্য রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD