ইয়েমেনে হুতি যোদ্ধাদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীর তীব্র লড়াই চলছে। হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর মারিবের দিকে অগ্রসর হচ্ছে। সম্প্রতি হুতিদের দখলে যাওয়া বেশ কিছু এলাকা পুনরদ্ধারের জন্য সরকারি বাহিনী এবং তাদের মিত্ররা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে উভয় পক্ষের মধ্যে ভারী অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং এতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মারিব শহরটি কৌশলগত এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শহরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, ইয়েমেনের গৃহযুদ্ধে তারা একটি বড় মনস্তাত্ত্বিক ও সামরিক সুবিধা অর্জন করবে। মারিবের নিয়ন্ত্রণ ধরে রাখতে সৌদি নেতৃত্বাধীন জোটও বিমান হামলা চালিয়ে হুতিদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে চলমান এই সংঘাতে ইয়েমেনের মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো শঙ্কা প্রকাশ করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক