শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অপরাধে তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নীতিমালার সমালোচনা করে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করছিলেন ওই কর্মকর্তা। যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী বলে গণ্য হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, সরকারি দায়িত্বে থেকে কেউ যদি শৃঙ্খলাবহির্ভূত কাজে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সরকার এ ধরনের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এদিকে এই ঘটনা নিয়ে প্রশাসনিক মহলে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপরও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের পক্ষ থেকে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক