২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত এক হাজার ৩৭০ জন ইসরাইলি চিকিৎসক অন্তত ১২ মাসের জন্য দেশ ছেড়েছেন। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা মধ্যপ্রাচ্যের দেশটির স্বাস্থ্য খাতের ভবিষ্যতের ওপর বড় ধরনের অনিশ্চয়তার মেঘ জমাচ্ছে। চিকিৎসকদের এই দেশত্যাগের হিড়িক ইসরাইলের অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের উদ্বেগেরই একটি বড় প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, এর আগে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে বিদেশে পাড়ি জমানো চিকিৎসকের সংখ্যা ছিল মাত্র ৭০৫ জন। অর্থাৎ, এক দশকের ব্যবধানে দেশ ছেড়ে যাওয়া চিকিৎসকের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এমন এক সময়ে এই পরিসংখ্যান সামনে এল যখন দেশটির সামগ্রিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ব্যবস্থা নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। গবেষকরা সতর্ক করে বলেছেন, দক্ষ চিকিৎসকদের এই পলায়ন রোধ করা না গেলে অদূর ভবিষ্যতে ইসরাইলের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, বিচার বিভাগীয় সংস্কার নিয়ে বিতর্ক এবং আঞ্চলিক সংঘাতের কারণে চিকিৎসকদের একটি বড় অংশ উন্নত ও নিরাপদ জীবনের খোঁজে বিদেশমুখী হয়েছেন। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় আরও ফুটিয়ে তোলা হয়েছে যে, এই সংকট কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি ইসরাইলি সমাজের গভীর সংকটেরই লক্ষণ। চিকিৎসকদের মতো একটি অতি গুরুত্বপূর্ণ পেশাজীবী শ্রেণির এমন গণহারে দেশত্যাগ ঠেকাতে নীতিনির্ধারকরা কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক