ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. সিফাত মুন্সি নামের এক যুবকের বিরুদ্ধে ইয়াছিন ঘরামী নামের অপর এক তরুণকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই যুবকের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কথাকাটির একপর্যায়ে সিফাত মুন্সি ধারালো অস্ত্র দিয়ে ইয়াছিন ঘরামীর ওপর হামলা চালান। এতে ইয়াছিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিফাত মুন্সিকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক