ছাত্র-জনতার হত্যাকারী ফ্যাসিস্টদের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে দেশের জনগণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি শুধু বাংলাদেশের নয়, এই উপমহাদেশেরও একটি জনপ্রিয় রাজনৈতিক দল।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের এই প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অপরাধ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ছাত্র-জনতার ওপর যারা নির্মম নির্যাতন চালিয়েছে এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
শামা ওবায়েদ আরও বলেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠা করার। জনগণের প্রত্যাশা অনুযায়ী শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
আরববাংলা টিভি/ডেস্ক