রাজবাড়ীর পাংশা বাজারে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আকস্মিক অগ্নিকাণ্ডে বাজারের অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ওই এলাকার একটি বসতবাড়ির রান্নাঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে তা দ্রুত গ্রাস করে নেয়। স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পাঁচটি দোকান ও ভেতরের সমস্ত মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রকাশ থাকে যে, দেশের বিভিন্ন স্থানে প্রায়ই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে, যা প্রতিরোধে আরও সচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক