পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে মো. শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অপব্যবহার করে একটি চক্র এই ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।
প্রতারক চক্রটি সমাজের প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের টার্গেট করত। তারা হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা পরিচয় দিয়ে নানামুখী ভয়ভীতি প্রদর্শন এবং আর্থিক সুবিধা দাবি করত। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর র্যাব এই চক্রের মূল হোতাদের একজনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত যুবকের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড এবং বেশ কিছু ভুয়া নথিপত্র জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক