ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ দিনে সাধারণ মানুষের কল্যাণে নানা কর্মসূচি হাতে নেয় জাতীয়তাবাদী ছাত্রদল।
পরিচ্ছন্নতা অভিযান, ফলজ বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশা থেকে সুরক্ষায় ওডোমস বিতরণের মাধ্যমে আয়োজিত হয় এই কর্মসূচি। ছাত্রদলের এমন সময়োপযোগী ও জনসচেতনতামূলক উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে আয়োজিত এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশের এই ক্রান্তিলগ্নে ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলে জানান উপস্থিত ছাত্রনেতারা।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দেশজুড়ে এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে। ভবিষ্যতেও জনগণের মৌলিক অধিকার রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটির দায়িত্বশীলরা।
ডেস্ক রিপোর্ট