মালদ্বীপে কর্মসংস্থানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা। ওয়ার্ক ভিসায় মালদ্বীপে আসতে ইচ্ছুক প্রত্যেককে এ ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।
মালদ্বীপে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সোমবার (২০ এপ্রিল) রাতে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়, কোনো প্রবাসী কর্মী যদি মালদ্বীপে অবৈধভাবে কাজ করেন, তবে দেশের আইন অনুযায়ী তাকে ১০ বছরের জন্য বিতাড়িত (ডিপোর্ট) করা হবে। এ সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন। মালদ্বীপে ফ্রি ভিসা নামে কোনো ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোম্পানির নামে ভিসা গ্রহণকারী কর্মীকে সেই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্যত্র কাজ করা বা ফ্রি ভিসায় কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ক্ষেত্রে কর্মীকে সর্বোচ্চ ১০ বছরের জন্য ডিপোর্ট করা হতে পারে।
বার্তায় আরও জানানো হয়, কোনো প্রবাসী কর্মীকে ব্যবসা-বাণিজ্য, আর্থিক লেনদেন বা এ সংক্রান্ত কার্যক্রমে জড়িত হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত হলে আইনগত শাস্তির পাশাপাশি ডিপোর্টের সম্মুখীন হতে হবে।
বার্তায় উল্লেখ করা হয়, মালদ্বীপে মানবপাচার একটি গুরুতর অপরাধ। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে।