সামনে ৫১৫ রানের বিশাল টার্গেট। চেন্নাইয়ের এম চিদাম্বারামে টেস্টের তৃতীয় দিনেই হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। তবে প্রথম ইনিংসের তুলনায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সূচনা কিছুটা যে ভালো হয়েছে সেটা বলতেই হয়! শুধু প্রথম ইনিংস না, ভারতের মাটিতেই টেস্টে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি করেছেন জাকির হোসেন ও সাদমান ইসলাম।
এর আগে ভারতের মাটিতে তিনবার টেস্ট খেলেছে বাংলাদেশ। ছয় ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছিল ৩৮। সেই জুটি গড়েছিলেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে এসেছিল সেই রেকর্ড। তাদেরকে আজ ছাড়িয়ে গেলেন জাকির ও সাদমান। ৫১৫ রানের বিপরীতে খেলতে নেমে কিছুটা ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন দুজনে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৫৪ রান তুলেছে জাকির ও সাদমানের জুটি। ৭ চার এবং ১ ছয়ের মার দেখা গিয়েছে এই জুটিতে।