রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সৌদি আরবে শুটিং চলাকালীন ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জানকার্লো

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ এ ভয়ংকর চরিত্র গাস ফ্রিং হিসেবে বিশ্বজুড়ে পরিচিত মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোসিতো ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, একটি প্রজেকশনের কাজ করতে গিয়ে দেশটিতে অবস্থানের সময় এস্পোসিতো ইসলাম গ্রহণ করেন। তিনি ‘কালেমা শাহাদাহ’ পাঠ করেন এবং মসজিদে সহকর্মীদের সঙ্গে নামাজেও অংশ নেন।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে কাজ করার সময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ হয়। সেই অভিজ্ঞতা ও আতিথেয়তা তাকে গভীরভাবে প্রভাবিত করে। তুর্কি আল-শেখ আরও জানান, অভিনেতা ইসলাম সম্পর্কে ইতিবাচক অনুভূতি প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জানকার্লো এস্পোসিতো একটি মসজিদের ভেতরে নামাজ আদায় করছেন, যেখানে তার সঙ্গে প্রোডাকশন টিমের সদস্যরাও ছিলেন। এই ভিডিওটি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানকার্লো এস্পোসিতো শুধু ব্রেকিং ব্যাড নয়, বেটার কল সল, দ্য ম্যান্ডালোরিয়ানসহ একাধিক জনপ্রিয় সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তার অভিনীত ‘গাস ফ্রিং’ চরিত্রটি টেলিভিশন ইতিহাসে অন্যতম জনপ্রিয় ভিলেন হিসেবে বিবেচিত। তিনি বর্তমানে সৌদি আরবের নতুন বড় বাজেটের প্রজেক্ট সেভেন ডগস-এ কাজ করছেন। দেশটি আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন শিল্পে নিজেদের অবস্থান শক্ত করতে বিদেশি তারকাদের অংশগ্রহণ বাড়াচ্ছে। এই খবর প্রকাশের পর বিনোদন দুনিয়া ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD